IAB

“Seminar on Honouring Excellence” শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত

স্থাপত্যে সৃজনশীলতা, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত সাফল্যকে সম্মান জানাতে গত ১৮ জুলাই ২০২৬, শনিবার, সন্ধ্যা ৭:০০টা থেকে রাত ৯:৩০টা পর্যন্ত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই)-এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় “Seminar on Honouring Excellence” শীর্ষক একটি বিশেষ সেমিনার। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্থাপত্যকে গৌরবান্বিত করা উল্লেখযোগ্য অর্জন ও অবদানের স্বীকৃতি এবং সংশ্লিষ্ট অর্জনকারীদের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এ বিশেষ আয়োজনের উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট।
এ উপলক্ষে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ স্থপতি সাকিব নাসির খান, খণ্ডকালীন প্রভাষক, স্থাপত্য বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং গবেষণা সহকারী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; এছাড়া উপস্থিত ছিলেন FORM.3 Architects-এর প্রিন্সিপাল আর্কিটেক্ট স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে অনলাইন রেজিস্ট্রেশন করেন ১৯৪ জন এবং প্রায় ১৯০ জন স্থপতি অংশগ্রহণ করেন। দেশের বহু সিনিয়র স্থপতির উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করে তোলে।
অনুষ্ঠানের প্রথম পর্বে তরুণ স্থপতি সাকিব নাসির খান তাঁর গবেষণাভিত্তিক কাজ, জলবায়ু-সংবেদনশীল ও কমিউনিটিকেন্দ্রিক স্থাপত্য ভাবনা এবং আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত সাফল্যের ওপর একটি উপস্থাপনা প্রদান করেন। তিনি তাঁর ব্যাচেলর থিসিস গবেষণা, RISE Undergraduate Research Grant, ARCASIA Thesis of the Year Award 2024 এবং Global Undergraduate Awards-এ অর্জিত সাফল্যের পেছনের গবেষণা প্রক্রিয়া, নকশা-ভাবনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁর উপস্থাপনা তরুণ স্থপতিদের গবেষণামুখী ও উদ্ভাবনী স্থাপত্যচর্চায় উৎসাহিত করে।
দ্বিতীয় পর্বে FORM.3 Architects-এর প্রিন্সিপাল আর্কিটেক্ট স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া (দীপু) প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য ও উপস্থাপনা প্রদান করেন। তিনি FORM.3 Architects-এর স্থাপত্যচর্চার দর্শন, আঞ্চলিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটভিত্তিক নকশা-ভাবনা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত “Conservation of Old Dhaka Central Jail History, Historical Buildings & Development of Surroundings Area” প্রকল্পের পরিকল্পনা, সংরক্ষণ কৌশল ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ২০১৭ সালে জাতীয় নকশা প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার অভিজ্ঞতা, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ এবং Holcim Foundation Awards Asia Pacific Grand Prize অর্জনের তাৎপর্যও তুলে ধরেন। এ অর্জনের মাধ্যমে বাংলাদেশের স্থাপত্যকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির অবদান প্রশংসিত হয়।
প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী স্থপতিরা গবেষণাভিত্তিক স্থাপত্যচর্চা, সংরক্ষণ স্থাপত্য, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং পেশাগত উৎকর্ষ অর্জনের বিভিন্ন দিক নিয়ে অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন। সেশনটি অংশগ্রহণকারীদের জন্য একটি অনুপ্রেরণামূলক ও জ্ঞানসমৃদ্ধ অভিজ্ঞতায় পরিণত হয়।
সেমিনারের শেষপর্বে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম. আহমেদ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ও সম্মানিত অতিথিদের অর্জনের ভূয়সী প্রশংসা করেন ।পরবর্তীতে অধ্যাপক ড. আবু সাঈদ এম. আহমেদ এবং স্থাপত্য অধিদপ্তরের সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির সম্মানিত অতিথিদের হাতে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন।
সেমিনারটির সার্বিক পরিচালনায় ছিলেন বাস্থই-এর ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থপতি সৈয়দ তাওসিফ মোনাওয়ার। সেমিনারের শেষভাগে স্থপতি সাইদা আক্তার মুমু ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকল অংশগ্রহণকারী, সম্মানিত অতিথি ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এই অনুপ্রেরণামূলক সেমিনারের আয়োজনে সহযোগিতা করার জন্য Asian Paints Bangladesh-কে আন্তরিক ধন্যবাদ
Scroll to Top