গত ২ আগস্ট ২০২৫, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর সেমিনার কক্ষে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর মধ্যে পেশাগত বিষয়াদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আইইবি-এর সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। আইএবি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি স্থপতি ড. আবু সাইদ এম আহমেদ, সহ-সভাপতি (আন্তর্জাতিক) স্থপতি মাহফুজুল হক জগ্লুল, সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি নওয়াজীশ মাহবুব, সম্পাদক পেশা স্থপতি ওয়াহিদ আসিফ। আইইবি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভুঁইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এটিএম তানভির-উল হাসান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ড. সাব্বির মোস্তফা খান এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

সভায় বিবিআরএ ২০২৬, জেলা ও উপজেলা পর্যায়ে সদ্য গঠিত বিসি কমিটি, এবং সংশ্লিষ্ট কার্যক্রমের বিভিন্ন অসঙ্গতি ও বাস্তব চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় প্রতিষ্ঠানই মত প্রকাশ করে যে এসব বিষয়ে পেশাগত মানদণ্ড ও জাতীয় বিধিমালা অনুসরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী সকল ক্ষেত্রে কারিগরী ব্যক্তিদের যথাযথ সংযুক্তি ও সম্পৃক্ততা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যৌথভাবে প্রস্তাবনা প্রেরণ করা হবে।
আইএবি ও আইইবি উভয় প্রতিষ্ঠানই দেশের নির্মাণ শিল্পে পেশাগত মান, নিরাপত্তা এবং নীতিমালা অনুসরণের ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ের বিভিন্ন কারিগরী ও নীতিগত বিষয়ে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করে।