স্থাপত্য পেশায় নৈতিকতা, পেশাগত দায়বদ্ধতা এবং দায়িত্বশীল চর্চার গুরুত্ব তুলে ধরতে গত ২৯ জুলাই ২০২৬, বুধবার, বিকাল ৫:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই) এর বার্জার হলে অনুষ্ঠিত হয় “Code of Ethics” শীর্ষক একটি Continuing Professional Development (CPD) কোর্স। স্থপতিদের পেশাগত আচরণ, নৈতিক মূল্যবোধ এবং দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই সেশনের আয়োজন করা হয়। সেশনে নিবন্ধিত ৮১ জন স্থপতিদের মধ্য থেকে মোট ৭৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

কোর্সে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি ড. মো. নওরোজ ফাতেমী, অধ্যাপক, স্থাপত্য বিভাগ, University of Asia Pacific (UAP)। তিনি স্থপতিদের পেশাগত নৈতিকতা, ক্লায়েন্ট, সহকর্মী ও সমাজের প্রতি দায়িত্ব, স্বার্থের দ্বন্দ্ব (Conflict of Interest), পেশাগত সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের Code of Ethics, আন্তর্জাতিক পেশাগত নৈতিকতার মানদণ্ড এবং বাস্তব প্রকল্পে নৈতিক সংকট মোকাবিলার বিভিন্ন উদাহরণ উপস্থাপন করা হয়। পাশাপাশি স্থপতির সামাজিক দায়বদ্ধতা, জনস্বার্থ রক্ষা, পরিবেশগত দায়িত্ব, পেশাগত স্বাধীনতা এবং সহকর্মীদের প্রতি পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সেশনজুড়ে বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা, কেস স্টাডি এবং নৈতিক দ্বিধাদ্বন্দ্বের (Ethical Dilemmas) উদাহরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের সক্রিয় আলোচনায় সম্পৃক্ত করা হয়। এছাড়াও আলোচনার পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব, যেখানে Code of Ethics এর ধারা ও উপধারার ব্যবহার, বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা পেশাগত নৈতিকতার বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান এবং সঠিক প্রয়োগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন।
সিপিডি সেশনটি পরিচালনা করেন বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ এবং সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু । সেশনের শেষভাগে স্থপতি এম. ওয়াহিদ আসিফ প্রধান বক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং স্থপতি সাইদা আক্তার মুমু তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে সেশনটির একটি সুন্দর ও অর্থবহ সমাপ্তি টানেন, যা সবার জন্য একটি শিক্ষণীয়, প্রেরণামূলক ও পেশাগতভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা হয়ে ওঠে।
এই গুরুত্বপূর্ণ সেশনের আয়োজনে সহায়তা করার জন্য Berger Paints Bangladesh Limited-কে আন্তরিক ধন্যবাদ।