নিরাপদ ভবন নির্মাণ, ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এবং BNBC ২০২০–এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে আগষ্ট ১৩, ২০২৬ তারিখে দিনাজপুর পৌরসভার সভাকক্ষে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম এবং কর্মশালার সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জনাব সুমন রঞ্জন সরকার, নির্বাহী প্রকৌশলী জনাব মনিরুজ্জামান সরকারসহ আরও অনেকে।

কর্মশালাটি পরিচালনা করেন বাস্থইর আটজন রিসোর্স পারসন, যাদের মাঝে ছিলেন স্থপতি দেওয়ান শামসুল আরিফ, স্থপতি চৌধুরী সাইদুজ্জামান, স্থপতি ওয়াহিদ আসিফ, স্থপতি শাহনেওয়াজ আবদুল্লাহ, স্থপতি কাম্রুল হাসান, স্থপতি আরিফুজ্জামান, স্থপতি মোঃ আব্দুস সোবহান ও স্থপতি একেএম আবু হাসান। তারা ভবন নির্মাণের নিরাপত্তা, নকশা যাচাই, বিধিমালা অনুসরণ, নির্মাণ তদারকি এবং আধুনিক পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন।

এই কর্মশালায় অংশগ্রহণ করেন দিনাজপুর ও পার্শ্ববর্তী পৌরসভার প্রকৌশলী, পরিকল্পনাবিদ, স্থানীয় স্থপতি, নকশাকার, ডেভেলপার, ঠিকাদারসহ নির্মাণশিল্পের বিভিন্ন পেশাজীবী। অংশগ্রহণকারীরা নিরাপদ নির্মাণ নিশ্চিতকরণে বিধিমালার সঠিক প্রয়োগ, নকশা অনুমোদন প্রক্রিয়া, ভবন নিরাপত্তা মানদণ্ড এবং পেশাগত সমন্বয়ের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।

কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ ভবন নির্মাণ শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং এটি জননিরাপত্তা, নগরায়ণ এবং টেকসই উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। BNBC ২০২০–এর বাধ্যতামূলক বিধানসমূহ যথাযথভাবে অনুসরণ করলে ভবন দুর্ঘটনা হ্রাস পাবে এবং নির্মাণশিল্পে পেশাদারিত্ব আরও বৃদ্ধি পাবে।
কর্মশালায় নিরাপদ, সুন্দর ও আরামদায়ক বাসস্থান নিশ্চিত করতে বাস্থই নিবন্ধিত স্থপতি দ্বারা ভবনের নকশা প্রনয়ণ করার বিষয়ে বিশেষভাবে উল্লেখ করা হয়।