স্থাপত্য পেশাচর্চার উন্নয়নে গত ০৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, সন্ধ্যা ৫:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই) এর বার্জার হলে অনুষ্ঠিত হয় “Climate Adaptive Design Solutions for Garment Factories” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ CPD (Continuing Professional Development) কোর্স। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের কারখানাগুলোতে পরিবেশ-সংবেদনশীল, শক্তি-দক্ষ ও কর্মীবান্ধব নকশা কৌশল প্রয়োগে স্থপতিদের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে এই সেশনটির আয়োজন করা হয়। এতে নিবন্ধিত ৮২ জন স্থপতির মধ্যে মোট ৭৫ জন অংশগ্রহণ করেন।

এই CPD কোর্সে প্রধান মেন্টর ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহতাজ হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সাস্টেইনেবল আর্কিটেকচার/বিল্ডিং ডিজাইন, ইউনিভার্সিটি অব নটিংহ্যাম, যুক্তরাজ্য। তিনি গার্মেন্টস কারখানার জন্য জলবায়ু-উপযোগী নকশা কৌশল, তাপমাত্রা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক বায়ু চলাচল, ডেলাইটিং, শক্তি দক্ষতা এবং শ্রমিকদের স্বাস্থ্য ও উৎপাদনশীলতার সাথে নকশার সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি গরম ও আর্দ্র জলবায়ুতে উপযোগী ভবন নকশা, প্যাসিভ ডিজাইন স্ট্রাটেজি, ফ্যাসাড ট্রিটমেন্ট, রুফ ডিজাইন, থার্মাল পারফরম্যান্স এবং টেকসই নির্মাণ উপকরণের ব্যবহার নিয়ে গবেষণাভিত্তিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়।
কোর্সের আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় গার্মেন্টস কারখানায় তাপীয় পরিবেশে স্বস্তি (Thermal Comfort), প্রাকৃতিক বায়ু চলাচল (Natural Ventilation), শক্তি-সাশ্রয়ী কুলিং কৌশল (Energy-efficient Cooling Strategy), ছায়া ব্যবস্থা (Shading Strategy), বিল্ডিং অরিয়েন্টেশন এবং ইনডোর পরিবেশের মান উন্নয়নে ডিজাইন সমাধানের ওপর। এছাড়াও বাস্তব প্রকল্প বিশ্লেষণ, আন্তর্জাতিক মানদণ্ড এবং শিল্পখাতভিত্তিক নকশা নির্দেশনা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব সেশনটিকে আরও ফলপ্রসূ করে তোলে।

অংশগ্রহণকারী স্থপতিদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে CPD কোর্সটির সমাপ্তি ঘটে, যা সবার জন্য একটি শিক্ষণীয় ও পেশাগতভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয়।
এই গুরুত্বপূর্ণ সেশনের আয়োজনে সহায়তা করার জন্য Berger-এর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।