IAB

“Honouring Excellence” শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত

স্থাপত্যচর্চায় অসামান্য অবদান ও সৃজনশীল উৎকর্ষকে সম্মান জানাতে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই) আয়োজিত “Honouring Excellence” শীর্ষক একটি বিশেষ সেমিনার গত ১৪ মে ২০২৬, সন্ধ্যা ৬:৩০টা থেকে ৮:৩০টা পর্যন্ত বাস্থই সেন্টারের Multipurpose Hall-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিবন্ধিত ২৭৫ জনের মধ্যে মোট ১৯৩ জন সদস্য ও অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি শরীফ উদ্দিন আহমেদ, প্রধান স্থপতি ও প্রতিষ্ঠাতা, স্হাপতিক।সেমিনারে বক্তা তাঁর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, পেশাগত অভিজ্ঞতা এবং অর্জনের পেছনের চিন্তাধারা তুলে ধরেন। আলোচনায় তিনি তাঁর স্থাপত্য দর্শনের মূল ভিত্তি হিসেবে philosophy, context এবং মানুষের সঙ্গে স্থানের সম্পর্কের বিষয়টি ব্যাখ্যা করেন। বিশেষভাবে বাংলা বদ্বীপের ভূপ্রকৃতি, জলবায়ু, সামাজিক বাস্তবতা এবং সাংস্কৃতিক পরিচয় কীভাবে তাঁর নকশা ভাবনাকে প্রভাবিত করেছে তা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
আলোচনায় স্থানীয় ঐতিহ্যভিত্তিক স্থাপত্য থেকে অনুপ্রেরণা গ্রহণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বক্তা স্থানীয় নির্মাণ কৌশল, প্রাকৃতিক আলো-বাতাস, মানবিক স্কেল এবং স্থানীয় উপকরণের ব্যবহারকে সমকালীন স্থাপত্যচর্চার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরেন। এছাড়া উপকরণ নির্বাচনের ক্ষেত্রে ইটসহ স্থানীয় নির্মাণসামগ্রীর ব্যবহার এবং তার নান্দনিক ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কেও তিনি বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারের আলোচনায় সুফিবাদ এবং আধ্যাত্মিক চিন্তার প্রভাবও উঠে আসে, যা তাঁর স্থাপত্যচর্চায় সরলতা, নীরবতা ও মানবিক অনুভূতির প্রতিফলন ঘটিয়েছে।
পাশাপাশি তিনি তাঁর পেশাগত জীবনের সংগ্রাম, সীমাবদ্ধতা অতিক্রমের অভিজ্ঞতা এবং ধাপে ধাপে অর্জিত সাফল্যের বিষয়গুলো অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগ করে নেন।
সেমিনারটি সঞ্চালনা করেন ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু । অনুষ্ঠানে বক্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাস্থই জাতীয় সহ-সভাপতি স্থপতি নওয়াজিশ মাহবুব। এবং সমাপনী বক্তব্য প্রদান করেন ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও মতবিনিময়ের মাধ্যমে সেমিনারটি একটি জ্ঞানসমৃদ্ধ, অনুপ্রেরণামূলক এবং পেশাগতভাবে গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হয়।
এই গুরুত্বপূর্ণ সেশনের আয়োজনে সহায়তা করার জন্য Asian Paints-এর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
Scroll to Top