গত ৩ জুলাই ২০২৬ “এলজিইডি সদর দপ্তর, ঢাকার প্রধান ফটক ও প্রবেশ প্রাঙ্গণের উন্মুক্ত স্থাপত্য ভাবনা নকশা প্রতিযোগিতা”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাস্থই সেন্টারের বার্জার সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে স্থাপত্যচর্চায় সৃজনশীলতা, উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতা শুধু একটি নকশা নির্বাচন প্রক্রিয়া নয়; বরং এলজিইডি ও বাস্থই-র মধ্যে সৃজনশীল সহযোগিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ভবিষ্যতের উন্নয়ন ভাবনাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী ইঞ্জি. মো. বেলাল হোসাইন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সভাপতি ড. আবু সাঈদ মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জুরি বোর্ডের পক্ষ থেকে প্রতিযোগিতার মূল্যায়ন প্রক্রিয়া উপস্থাপন। স্থপতি আসিফ মোহাম্মদ আহসানুল হক প্রতিযোগিতার বিচার কার্যক্রম, মূল্যায়নের মানদণ্ড এবং পুরস্কারপ্রাপ্ত নকশাগুলো নির্বাচনের পেছনের যুক্তি ও প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি প্রস্তাবকে নান্দনিকতা, কার্যকারিতা, প্রাসঙ্গিকতা, উদ্ভাবন এবং বাস্তবায়নযোগ্যতার ভিত্তিতে গভীরভাবে মূল্যায়ন করা হয়েছে।
জুরি সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন মো. হামিদুল হক, সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার (রোড ইমপ্লিমেন্টেশন) এবং প্রকল্প পরিচালক, সিআরডিপি-২, এলজিইডি। তিনি স্থপতি ও প্রকৌশলীদের সমন্বিত অংশগ্রহণে পরিচালিত এই মূল্যায়ন প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, উন্নয়ন প্রকল্পে টেকসই ও কার্যকর নকশা নিশ্চিত করতে এ ধরনের আন্তঃপেশাগত সহযোগিতা অত্যন্ত জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. মো. বেলাল হোসাইন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এলজিইডি’র বিভিন্ন প্রকল্পে স্থপতিদের আরও সক্রিয় সম্পৃক্ততা কামনা করেন। তিনি বলেন, দেশের নগর ও গ্রামীণ প্রেক্ষাপটে উন্নত জনপরিসর ও অবকাঠামো গড়ে তুলতে স্থপতি ও প্রকৌশলীদের যৌথ উদ্যোগ অপরিহার্য।
সভাপতির বক্তব্যে আইএবি সভাপতি ড. আবু সাঈদ মোস্তাক আহমেদ এলজিইডি’র সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আইএবি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। এ ধরনের যৌথ উদ্যোগ দেশের নগরচিত্র ও জনপরিসরের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিযোগিতার বিজয়ী দলগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অধিকারী দল তাদের নকশা প্রণয়নের চিন্তাপ্রক্রিয়া, ধারণাগত বিকাশ, পরিকল্পনা কৌশল এবং চূড়ান্ত নকশার উপস্থাপনা তুলে ধরে একটি আকর্ষণীয় প্রেজেন্টেশন প্রদান করে। তাদের উপস্থাপনা উপস্থিত অতিথি ও দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে এলজিইডি-এর পক্ষ থেকে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব রেজাউল বারী এবং বাস্থইর সহ সাধারন সম্পাদক ড. মোঃ নওরোজ ফাতেমী সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। বাস্থইর সম্পাদক পেশা এম, ওয়াহিদ আসিফ সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান শেষ করেন।