IAB

​স্থপতি কাজী খালিদ আশরাফ রচিত “The Mother Tongue of Architecture: Selected Writings” গ্রন্থকে কেন্দ্র করে বাস্থই-এ বিশেষ আলাপচারিতা অনুষ্ঠিত

স্থাপত্যচর্চা, স্থাপত্য-সমালোচনা এবং জ্ঞানভিত্তিক পেশাগত আলোচনাকে উৎসাহিত করার লক্ষ্যে গত ০২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬:০০টায় ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই)-এর বার্জার সেমিনার হলে স্থপতি কাজী খালিদ আশরাফ রচিত “The Mother Tongue of Architecture: Selected Writings” গ্রন্থকে কেন্দ্র করে একটি বিশেষ আলাপচারিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (IAB) এবং Architecture Alumni Association of BUET (ArcAAB) – এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট স্থপতি, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং স্থাপত্য-অনুরাগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও সূচনাবক্তব্য প্রদান করেন বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু। তিনি স্থাপত্যবিষয়ক জ্ঞানচর্চা, সমালোচনা ও প্রকাশনার গুরুত্ব তুলে ধরেন।
সম্প্রতি The International Committee of Architectural Critics (CICA) কর্তৃক Bruno Zevi Book Award 2026 অর্জনের মাধ্যমে গ্রন্থটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। এ উপলক্ষে বইটির বিষয়বস্তু, স্থাপত্য-ভাবনা, সমালোচনামূলক লেখালেখি এবং সমসাময়িক স্থাপত্যচর্চায় এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা এ অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্থাপত্য-ভাবনা ও বৌদ্ধিক চর্চার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি কাজী খালিদ আশরাফ এবং স্থপতি আদনান মোরশেদ। আলোচনায় স্থাপত্যের ভাষা, পরিচয়, নগর, সংস্কৃতি, ইতিহাস এবং বাংলাদেশের স্থাপত্য-ভাবনার বিবর্তনসহ বিভিন্ন বিষয় উঠে আসে। তাঁরা স্থাপত্যকে কেবল নির্মিত পরিবেশের চর্চা নয়, বরং একটি সাংস্কৃতিক ও বৌদ্ধিক অনুশীলন হিসেবে দেখার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনাটি সঞ্চালনা ও মডারেশন করেন লেখক ও চলচ্চিত্র নির্মাতা পারসা সানজানা সাজিদ। তাঁর প্রাসঙ্গিক প্রশ্ন ও উপস্থাপনা আলোচনাকে আরও প্রাণবন্ত করে তোলে। আলোচনায় স্থানীয় সংস্কৃতি, ভাষা, সামাজিক বাস্তবতা, নগরায়ণের চ্যালেঞ্জ এবং বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের স্থাপত্যচর্চার অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।
প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা বইটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন। এ সময় বিশিষ্ট স্থপতি সাইফ উল হক এবং স্থপতি এহসান খান তাঁদের মূল্যবান পর্যবেক্ষণ ও মতামতের মাধ্যমে আলোচনাকে আরও সমৃদ্ধ করেন। তাঁরা স্থাপত্য-সমালোচনা, গবেষণাভিত্তিক লেখালেখি এবং জ্ঞানভিত্তিক পেশাগত চর্চার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
IAB ও ARCAAB-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বিশেষ আলাপচারিতা উপস্থিত সকলের জন্য একটি চিন্তাশীল ও সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিণত হয়। অংশগ্রহণকারীরা মনে করেন, “The Mother Tongue of Architecture: Selected Writings” বাংলাদেশের স্থাপত্য-ভাবনা ও সমালোচনামূলক চর্চার একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও স্থাপত্যবিষয়ক বৌদ্ধিক পরিসরকে আরও সমৃদ্ধ করবে।
Scroll to Top