“স্থাপত্য ও নির্মাণখাতে কার্বন নিঃসরণ হ্রাস, টেকসই নকশা এবং ভবনের সমগ্র জীবনচক্রকে বিবেচনায় নিয়ে পরিবেশ-সচেতন স্থাপত্যচর্চার বিকাশের লক্ষ্যে গত ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬:৩০টায় ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই)-এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় “IAB Lecture Series 2026”-এর একটি বিশেষ আয়োজন।

অনুষ্ঠানের মূল আলোচ্য ছিল ভবনের সমগ্র জীবনচক্রে কার্বন নিঃসরণ কমানোর কৌশল এবং বাংলাদেশে স্থপতি ও স্থাপত্য শিক্ষার্থীদের জন্য Low Carbon Design বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সম্ভাবনা। আন্তর্জাতিক গবেষণা ও পেশাগত অভিজ্ঞতার আলোকে Whole Life Carbon এবং Low Carbon Design-এর ধারণাকে বাংলাদেশের স্থাপত্য শিক্ষা ও পেশাচর্চার সঙ্গে কীভাবে আরও কার্যকরভাবে যুক্ত করা যায়, সে বিষয়েও আলোচনা হয়। সেশনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুইজন বিশেষজ্ঞ বক্তা তাঁদের গবেষণা, শিক্ষাদান ও পেশাগত অভিজ্ঞতার আলোকে বিষয়গুলো উপস্থাপন করেন।

প্রথম পর্বে Dr. Vicki Stevenson, Reader এবং MSc Environmental Design of Buildings-এর Course Leader, Cardiff University, “Whole Life Carbon Approaches: Minimizing emissions over the entire life cycle” শীর্ষক বিষয়ে বক্তব্য প্রদান করেন। তাঁর উপস্থাপনায় ভবনের নকশা, নির্মাণ, ব্যবহার, রক্ষণাবেক্ষণ, উপকরণ নির্বাচন এবং ভবনের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ের সঙ্গে কার্বন নিঃসরণের সম্পর্ক তুলে ধরা হয়।
দ্বিতীয় পর্বে Dr. Eshrar Latif, Senior Lecturer, Cardiff University এবং School Research Ethics Committee-এর Deputy Chair ও University Senate-এর Member, “Building Sustainable Teaching Capacity in Bangladesh: Developing a non-credit course on Low carbon design for Architects and Students” শীর্ষক বিষয়ে তাঁর উপস্থাপনা প্রদান করেন। এই পর্বে বাংলাদেশে স্থাপত্য শিক্ষা ও পেশাচর্চায় Low Carbon Design বিষয়ে জ্ঞান, দক্ষতা এবং শিক্ষণ-সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে স্থপতি ও শিক্ষার্থীদের জন্য একটি non-credit course-এর সম্ভাব্য কাঠামো ও প্রাসঙ্গিকতা নিয়ে মতবিনিময় হয়। বাংলাদেশের স্থানীয় পরিবেশ, জলবায়ু, নির্মাণপ্রক্রিয়া এবং স্থাপত্যচর্চার বাস্তবতার সঙ্গে Low Carbon Design-এর ধারণাকে আরও কার্যকরভাবে যুক্ত করার প্রয়োজনীয়তাও আলোচনায় গুরুত্ব পায়।

দুই বক্তার উপস্থাপনার পর অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব। এতে অংশগ্রহণকারী স্থপতি ও শিক্ষার্থীরা Whole Life Carbon, Low Carbon Design, embodied ও operational carbon, ভবনের জীবনচক্রভিত্তিক কার্বন নিঃসরণ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এসব ধারণার বাস্তব প্রয়োগ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। বক্তারা তাঁদের গবেষণা ও পেশাগত অভিজ্ঞতার আলোকে প্রশ্নগুলোর উত্তর দেন এবং স্থানীয় পর্যায়ে কার্বন-সচেতন স্থাপত্যচর্চার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাস্থই-এর ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থপতি সিদ্দিকা নাসরীন সুলতানা। সেশনের সমাপনী পর্বে স্থপতি রাশেদুল হাসান ছবি, দুই বক্তার -এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরবর্তীতে স্থপতি সাইদা আক্তার মুমু তাঁর সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের আলোচ্য বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারী স্থপতি ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্থাপত্যচর্চায় পরিবেশ ও কার্বন-সচেতন নকশা পদ্ধতি আরও সক্রিয়ভাবে বিবেচনার আহ্বান জানান।

“IAB Lecture Series 2026”-এর এই আয়োজনের মাধ্যমে Whole Life Carbon, Low Carbon Design এবং টেকসই স্থাপত্যচর্চা নিয়ে আন্তর্জাতিক গবেষণা ও বাংলাদেশের স্থাপত্য শিক্ষা ও পেশাচর্চার মধ্যে জ্ঞানবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হয়। বিশেষ করে নকশার প্রাথমিক পর্যায় থেকেই কার্বন নিঃসরণ বিবেচনা করা এবং স্থপতি ও শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা গড়ে তোলার বিষয়টি ভবিষ্যৎ স্থাপত্যচর্চার জন্য গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে আসে।”