গত ০৬ জুলাই ২০২৬, সোমবার, বিকেল ৫:৩০টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই) এর মাল্টিপারপাস হলে প্রথমবারের মতন অনুষ্ঠিত হয় “Basic Understanding of Dhaka Mahanogor Imarat Bidhimala 2025” শীর্ষক একটি Continuing Professional Development (CPD) কোর্স। নবপ্রণীত ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ সম্পর্কে স্থপতিদের সম্যক ধারণা প্রদান, পূর্ববর্তী বিধিমালার সঙ্গে এর পরিবর্তনসমূহ ব্যাখ্যা করা এবং বাস্তব পেশাগত চর্চায় এর সঠিক প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে এই কোর্সটির আয়োজন করা হয়। সেশনে নিবন্ধিত ২২৪ জন সদস্য অংশগ্রহণ করেন।

কোর্সে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি নওয়াজীশ মাহবুব, ভাইস প্রেসিডেন্ট (ন্যাশনাল অ্যাফেয়ার্স), ২৬তম নির্বাহী পরিষদ, IAB এবং সুপারিনটেন্ডিং আর্কিটেক্ট, স্থাপত্য অধিদপ্তর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; এবং স্থপতি এম. ওয়াহিদ আসিফ, সম্পাদক (পেশা), ২৬তম নির্বাহী পরিষদ, IAB ও পার্টনার, 4Walls Inside Outside।

কোর্সের প্রথম পর্বে স্থপতি নওয়াজিশ মাহবুব Dhaka Mahanogor Imarat Bidhimala 2025-এর প্রণয়নের প্রেক্ষাপট, উদ্দেশ্য তুলে ধরেন। তিনি ২০০৮ সালের বিধিমালা থেকে ২০২৫ সালের বিধিমালায় কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সংযোজন এসেছে, তার প্রাথমিক আলোচনা করেন। বিশেষভাবে বিধিমালার বাস্তব প্রয়োগের প্রয়োজনীয়তা ও সেগুলোর যৌক্তিক ব্যাখ্যাও তুলে ধরেন।

দ্বিতীয় পর্বে স্থপতি এম. ওয়াহিদ আসিফ বিধিমালার ব্যবহারিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।বিশেষভাবে BNBC 2020-এর সঙ্গে সমন্বয়, বিভিন্ন অধ্যায় ও পরিশিষ্ট, ECPS এবং অন্যান্য নতুন সংযোজিত বিধান সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। তিনি FAR, setback, floor area calculation, ground coverage সহ বিভিন্ন বিষয় বাস্তব উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করেন। নকশা অনুমোদন প্রক্রিয়ায় বিধিমালার যথাযথ অনুসরণ, FAR গণনার পদ্ধতি এবং বাস্তব প্রকল্পে নতুন বিধিমালার কার্যকর প্রয়োগ নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন।
সেশনের শেষাংশে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী স্থপতিরা নতুন বিধিমালার বিভিন্ন ধারা, সংশোধন ও ব্যবহারিক প্রয়োগ সংক্রান্ত নানা প্রশ্ন উত্থাপন করেন। দুইজন মেন্টরই ধৈর্যের সঙ্গে এসব প্রশ্নের উত্তর প্রদান করেন এবং Dhaka Mahanogor Imarat Bidhimala 2025-এর বিভিন্ন জটিল বিষয় পরিষ্কারভাবে ব্যাখ্যা করে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা প্রদান করেন।
সার্বিকভাবে, পরিবর্তিত ইমারত নির্মাণ বিধিমালার কাঠামো, এর ব্যবহারিক প্রয়োগ এবং ২০০৮ সালের বিধিমালার সঙ্গে ২০২৫ সালের বিধিমালার পার্থক্য সম্পর্কে স্থপতিদের সুস্পষ্ট ধারণা প্রদান করতে এই CPD কোর্সটি অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী ভূমিকা পালন করেছে।
সিপিডি সেশনটি পরিচালনা করেন বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ এবং সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু। এই গুরুত্বপূর্ণ সেশনের আয়োজনে সহায়তা করার জন্য Berger Paints Bangladesh Limited-কে আন্তরিক ধন্যবাদ।