গত ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, সন্ধ্যা ৬:৩০টা থেকে রাত ৯:১৫টা পর্যন্ত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই) এর বার্জার সেমিনার হলে অনুষ্ঠিত হয় “Bangladesh: Ecological Sensitivity & Urban Suitability” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার। বাংলাদেশের ভৌগোলিক, পরিবেশগত ও নগরায়ণ প্রেক্ষাপটে পরিবেশগত সংবেদনশীলতা এবং টেকসই নগর উপযোগিতার দিকগুলো বিশ্লেষণ ও আলোচনা করার উদ্দেশ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি ড. ইঞ্জ. খুরশিদ জাবিন হোসেন তৌফিক (উৎপল) ।তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে নগর উন্নয়ন পরিকল্পনায় পরিবেশগত ভারসাম্য রক্ষা, ইকোলজিক্যাল সংবেদনশীল অঞ্চলসমূহের সুরক্ষা, এবং টেকসই নগর কাঠামো গড়ে তোলার বাস্তব কৌশল নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, ভূমি ব্যবহার পরিকল্পনায় পরিবেশগত বিষয় অন্তর্ভুক্তকরণ, এবং নগর উপযোগিতা নির্ধারণে বৈজ্ঞানিক ও গবেষণাভিত্তিক দৃষ্টিভঙ্গির ওপর।
সেমিনারে অংশগ্রহণকারী স্থপতি ও পরিকল্পনাবিদগণ পরিবেশগত ঝুঁকি ও টেকসই নগরায়ণ বিষয়ে নিজেদের মতামত শেয়ার করেন। যেখানে উপস্থিত ছিলেন স্থপতি জালাল আহমেদ, স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার ,২৬তম নির্বাহী পরিষদের সহ সভাপতি (জাতীয়) স্থপতি নওয়াজিশ মাহবুব এবং সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ সহ আরও অনেকেই। স্থপতিবৃন্দের এই সক্রিয় আলোচনা সেশনটিকে আরও সমৃদ্ধ করে তোলে।
সেমিনারটি সঞ্চালনা করেন ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু। সেমিনারের সমাপনী পর্বে স্থপতি নাহাস আহমেদ খলিল মূল বক্তাকে ক্রেস্ট প্রদান করেন। পুরো সেশনটি পরিচালনায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন স্থপতি নায়না তাবাসসুম। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মাধ্যমে স্থপতি সাইদা আক্তার মুমু অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
