IAB

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাস্থই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করে।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আইএবি সভাপতি প্রফেসর ড. আবু সাঈদ এম আহমেদ, সহ-সভাপতি জনাব কে এম মাহফুজুল হক জাগলুল এবং সাধারণ সম্পাদক ড. মাসুদ উর রশিদ। এছাড়া জাইকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ড. ইঞ্জিনিয়ার তারিক বিন ইউসুফ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে স্থপতিদের ভূমিকা ও সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দেশের সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্য সংরক্ষণ, নদী, খাল ও জলাশয় রক্ষা, জনপরিসরের মানোন্নয়ন এবং পরিবেশ-সংবেদনশীল উন্নয়ন পরিকল্পনায় স্থপতিদের পেশাগত দক্ষতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে স্থপতিদের কাজের পরিধি সম্প্রসারণ, উন্নয়ন প্রকল্পসমূহে স্থপতিদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে স্থপতিদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
সভায় আগামী অক্টোবর মাসে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) আয়োজিতব্য ‘বাংলাদেশ আর্ক সামিট’ নিয়েও আলোচনা হয়। এবারের আর্ক সামিটে বিশ্বের বিভিন্ন দেশের শহরের মেয়র, নগর বিশেষজ্ঞ, স্থপতি ও নীতিনির্ধারকদের অংশগ্রহণের পরিকল্পনা সম্পর্কে আইএবি প্রতিনিধিদল মাননীয় মন্ত্রীকে অবহিত করেন।
মাননীয় মন্ত্রী এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের নগর উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি আর্ক সামিটের সফল আয়োজনের প্রতি উৎসাহ ও সমর্থন ব্যক্ত করেন এবং এ আয়োজনে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সম্পৃক্ততার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দেশের নগর উন্নয়ন ও পরিকল্পনা চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থপতি সমাজের পেশাগত অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্থপতিদের আরও সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর, টেকসই ও জনমুখী করতে স্থপতিদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং স্থপতিদের সম্পৃক্ত করেই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করা সম্ভব।
Scroll to Top