বাস্থই প্রাঙ্গণে সহযোগী সদস্যপদ অন্তর্ভুক্তি, সাক্ষাৎকার ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
৬৫ জন নবীন স্থপতির অংশগ্রহণ

ঢাকা, ২৭ জুন ২০২৬:�বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই)-এর ২৬তম নির্বাহী পরিষদের উদ্যোগে বাস্থই প্রাঙ্গণে সহযোগী সদস্যপদ অন্তর্ভুক্তি, সাক্ষাৎকার ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ৬৫ জন নবীন স্থপতি, যারা দেশের স্থাপত্য পেশায় নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাস্থই-এর সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম. আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) ও সদস্যপদ উপদেষ্টা কমিটির চেয়ারম্যান স্থপতি নোওয়াজীস মাহবুব। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. নওরোজ ফাতেমী, সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ, স্থপতি প্রদ্যুত বোশাক এবং সম্পাদক (সদস্যপদ) স্থপতি আহসানুল হক রুবেল।
অনুষ্ঠানের শুরুতে নবীন স্থপতিদের শিক্ষাগত সনদ মূল্যায়ন করা হয়। পরে স্বাগত বক্তব্যে স্থপতি নোওয়াজীস মাহবুব বাস্থই-এর সদস্যপদের গুরুত্ব, পেশাগত দায়িত্ববোধ এবং সংগঠনের আদর্শ তুলে ধরেন।

পরবর্তী অধিবেশনে সভাপতি ও প্যানেল সদস্যরা বাস্থই-এর শৃঙ্খলা বিধি, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীলতা এবং বাস্তব পেশাজীবনের বিভিন্ন বিষয় নিয়ে নবীন সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শপথ গ্রহণ পর্ব। সমাপনী অনুষ্ঠানে বাস্থই-এর সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম. আহমেদের নেতৃত্বে সকল নবীন সহযোগী সদস্য শপথ গ্রহণ করেন। শপথের মাধ্যমে তারা পেশাগত সততা, নৈতিকতা, জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সংবিধান, আচরণবিধি ও আদর্শ সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, সদস্যপদ উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সহযোগী সদস্যপদ লাভের ক্ষেত্রে সাক্ষাৎকারের পাশাপাশি শপথ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে সদস্যপদ অর্জনের প্রক্রিয়ায় পেশাগত মূল্যবোধ ও নৈতিক অঙ্গীকারের বিষয়টি আরও প্রাতিষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হলো।
অনুষ্ঠানটি নবীন স্থপতিদের জন্য কেবল সদস্যপদ গ্রহণের আনুষ্ঠানিকতা নয়; বরং একজন পেশাদার স্থপতি হিসেবে দায়িত্বশীল, নৈতিক ও জনকল্যাণমুখী পেশাজীবনের পথে আনুষ্ঠানিক যাত্রার সূচনা হিসেবে তাৎপর্য বহন করে।