IAB

“Building Acoustics: Theories, Codes and Practice” শীর্ষক CPD অনুষ্ঠিত

স্থাপত্য পেশাচর্চার উন্নয়নে গত ২৭শে জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, সন্ধ্যা ৬:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই) এর বার্জার সেমিনার হলে অনুষ্ঠিত হয় “Building Acoustics: Theories, Codes and Practice” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ CPD (Continuing Professional Development) সেশন। সেশনটিতে স্থাপত্য নকশায় ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য, কার্যকারিতা ও পরিবেশগত মান উন্নয়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। সেশনে নিবন্ধিত ৯৯ জন স্থপতিদের মধ্য থেকে মোট ৮৭ জন সদস্য অংশগ্রহণ করেন।
সেশনটির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি অধ্যাপক ড. এস. এম. নাজমুল ইমাম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, স্থাপত্য বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET)। তিনি ভবন অ্যাকুস্টিক্সের মৌলিক তত্ত্ব, শব্দের আচরণ, শব্দের উৎস ও পরিবহন প্রক্রিয়া, এবং শব্দ নিয়ন্ত্রণের কৌশলসমূহ নিয়ে বিস্তারিত ও প্রাসঙ্গিক আলোচনা করেন।
কোর্সের আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় Building Acoustics-এর তাত্ত্বিক ভিত্তি, শব্দ শোষণ, প্রতিফলন ও প্রতিরোধের নীতিমালা, এবং জাতীয় ও আন্তর্জাতিক বিল্ডিং কোডে (BNBC সহ) অ্যাকুস্টিক্স সম্পর্কিত নির্দেশনা ও মানদণ্ডের ওপর। পাশাপাশি শ্রেণিকক্ষ, অডিটোরিয়াম, হাসপাতাল, অফিস ভবন ও আবাসিক স্থাপনায় কার্যকর অ্যাকুস্টিক নকশার প্রয়োজনীয়তা এবং ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।
এই CPD কোর্স স্থপতিদের জন্য শব্দ-সংবেদনশীল ও ব্যবহারবান্ধব স্থাপত্য নকশা, কোড-সম্মত পরিকল্পনা এবং উন্নত নির্মাণ গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী জ্ঞানভিত্তি প্রদান করে, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়। সেই সাথে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত আলোচনা, মতামত এবং সক্রিয় অংশগ্রহণ সেশনের মূল উদ্দেশ্যকে আরও সমৃদ্ধ করে তোলে।
সিপিডি সেশনটি পরিচালনা করেন বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ এবং সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু । সেশনের শেষভাগে স্থপতি এম. ওয়াহিদ আসিফ ও স্থপতি সাইদা আক্তার মুমু প্রধান অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অংশগ্রহণকারী স্থপতিদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে CPD সেশনটির সমাপ্তি ঘটে, যা সবার জন্য একটি শিক্ষণীয়, প্রেরণামূলক ও পেশাগতভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা হয়ে ওঠে।
 
এই গুরুত্বপূর্ণ সেশনের আয়োজনে সহায়তা করার জন্য Berger Paints Bangladesh Limited-কে আন্তরিক ধন্যবাদ।
Scroll to Top