গত ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, বিকেল ৬:০০ টা থেকে রাত ৯:১৫ টা পর্যন্ত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (বাস্থই) এর বার্জার সেমিনার হলে অনুষ্ঠিত হয় “Local Green Building Rating Systems: Advancing Sustainable Construction in Bangladesh” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ CPD (Continuing Professional Development) সেশন। বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী স্থানীয় পরিবেশ বান্ধব বিল্ডিং রেটিং সিস্টেমের বিস্তৃত আলোচনার উদ্দেশ্যে এই কোর্সের আয়োজন করা হয়। সেশনে নিবন্ধিত ৯০ জন স্থপতিদের মধ্য থেকে মোট ৮৬ জন সদস্য অংশগ্রহণ করেন।
সেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি মো. নাফিজুর রহমান, প্রিন্সিপাল রিসার্চ অফিসার, HBRI। তিনি গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেমের মূল ধারণা, নীতিমালা এবং বাংলাদেশের পরিবেশ ও নগর বাস্তবতায় এর ব্যবহারিক প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তৃতায় আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে স্থানীয় রেটিং সিস্টেম উন্নয়নের প্রয়োজনীয়তা, পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার, শক্তি-সাশ্রয়ী নকশা, জলসম্পদ ব্যবস্থাপনা, এবং নির্মাণের টেকসই কৌশল নিয়ে বিস্তৃত আলোকপাত করা হয়। বিশেষ করে বাংলাদেশের আবহাওয়া, নগরায়ণ ও সামাজিক-অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে একটি কার্যকর স্থানীয় গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম গড়ে তোলা যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সিপিডি সেশনটি পরিচালনা করেন বাস্থই ২৬তম নির্বাহী পরিষদের সম্পাদক (পেশা) স্থপতি এম. ওয়াহিদ আসিফ এবং সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাইদা আক্তার মুমু। সেশনের শেষভাগে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত আলোচনা, মতামত এবং সক্রিয় অংশগ্রহণ সেশনের মূল উদ্দেশ্যকে আরও সমৃদ্ধ করে তোলে। সর্বশেষে অংশগ্রহণকারী স্থপতিদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে CPD সেশনটির সমাপ্তি ঘটে, যা সবার জন্য একটি শিক্ষণীয়, প্রেরণামূলক ও পেশাগতভাবে সমৃদ্ধ অভিজ্ঞতা হয়ে ওঠে।
এই গুরুত্বপূর্ণ সেশনের আয়োজনে সহায়তা করার জন্য Berger Paints Bangladesh Limited-কে আন্তরিক ধন্যবাদ।
